শীতার্তদের মধ্যে উষ্ণতার ছোঁয়া নিয়ে ‘তারুণ্য’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:২৯

  মুরতুজা হাসান

 

শীতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামান্য উষ্ণতার ছোঁয়া দিতে প্রায় দেড়শ শীতার্ত পরিবারের কাছে শীতবস্ত্র নিয়ে ছুটে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ঝাউদিয়া আবাসন প্রাঙ্গণে প্রায় ১১৫টি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে প্রায় ২০টি এবং কুষ্টিয়ার প্রায় ১৫টি ভাসমান শীতার্ত পরিবারের মধ্যে ২৩ ডিসেম্বর এই শীতবস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের রুমে রুমে গিয়ে শীতার্ত মানুষের অসহায়ত্বের কথা জানান এই তরুণেরা। একটু উষ্ণতার ছোঁয়া পেতে অসহায় মানুষগুলো কত কষ্ট করে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। শীত উপেক্ষা করে অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে এভাবেই তারুণ্যের একঝাঁক তরুণ ও নিবেদিত স্বেচ্ছাসেবকেরা দিনরাত পরিশ্রম করে দীর্ঘ এক মাসব্যাপী ক্যাম্পেইন করে অনুদান সংগ্রহ করেন। সবার সহযোগিতায় এই শীতবস্ত্র সংগ্রহ করে অসহায় মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে তাদের একটুখানি হাসিমুখটা দেখতে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্য পরিবার। তারুণ্য প্রতি বছর শীতের মৌসুমে এই শীতবস্ত্র বিতরণ করে থাকে বলে জানা গেছে।

এ বিষয়ে তারুণ্যের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য প্রতিষ্ঠাকাল থেকেই নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। আর আমাদের এই সব উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে যেসব ব্যক্তি ও সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা।’

শেখ রাইয়ান উদ্দীন বলেন, মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিক বোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেওয়ার জন্যই তারুণ্যের এই কর্মসূচি।