জেলার সেরা ইউএনও

রাহেলা রহমত উল্লাহ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৪

  মানবেন্দ্র চক্রবর্ত্তী

 

ুনারীরা এখন সব দিক থেকেই এগিয়ে। নারী এখন আর অবলা নয়। তাই নারীরাও পারে এটাই বাস্তব। অদম্য ইচ্ছেশক্তি ও নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস যে কোনো মানুষকে সফলতা এনে দিতে পারে, এমনটা প্রমাণ করলেন চাঁদপুরের হাজীগঞ্জের মেয়ে রাহেলা রহমত উল্লাহ। যিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন। সবকিছুর পর প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ইউএনও করা হয়। জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি সম্পত্তি উদ্ধার, বাল্যবিবাহ রোধ, মাদক, উত্ত্যক্তকরণ, খাদ্যে ভেজাল, অবৈধ স্থাপনা ও সরকারি জলাশয় থেকে অবৈধভাবে বালু ব্যবসায়ীদের জেল জরিমানা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণসহ স্কুলে মেয়েদের উত্ত্যক্তকরণ ঠেকাতে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতার লক্ষ্যে তিনি এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার এই পদক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানে পিছিয়ে পড়া মেয়েদের উপস্থিতির হার ক্রমেই বেড়ে যায়। সবকিছু মিলিয়েই তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০১৯ মনোনীত করা হয়।