ফিফা ক্লাব বিশ্বকাপ

শিরোপায় চোখ আল আইনের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

  স্পোর্টস ডেস্ক

কোচ হোসে মরিনহোর চাকরি খোয়ানোর রাতে আরো একটি চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেয় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। স্বাগতিক এ ক্লাবটি আর্জেন্টিনার রিভারপ্লেট ক্লাবকে টাইব্রেকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে যায়। এ জয়ের পর তাদের গোলরক্ষক খালিদ এসা জানিয়েছেন শিরোপাই এখন তাদের লক্ষ্য

শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ও কাশিমা অ্যান্টলার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে খেলবে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল-আইন। রিয়াল ও কাশিমার খেলাটি গতকাল রাতে অনুষ্ঠিত হয়ে যাবার কথা। আবুধাবিতে আগামী শনিবার অনুষ্ঠিত হবে ফাইনালটি।

আল-আইনের জয়ে অবদান রাখেন গোলরক্ষক খালিদ এসা। হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র থাকায় পেনাল্টিতে ঠিক হয় ফাইনালের পথ। তাতে এনজো পেরেজের শটটি রুখে দেন খালিদ। তার আগে আবুধাবির ক্লাবটি নিজেদের পাঁচটি শটই জালে পাঠায়।

সুইডিশ স্ট্রাইকার মার্কাস বার্গ বিস্ময়করভাবে আল-আইনকে এগিয়ে দিলেও কোপা লিবারতাদোরেস চ্যাম্পিয়ন রিভারপ্লেট দ্রুতই আঘাত হেনে প্রথমার্ধেই এগিয়ে যায়। জোড়া গোল করেন রাফায়েল সান্তোস বোরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার চাইও সমতা ফেরান। কিন্তু রিভারের গঞ্জালো মার্টিনেজ দ্বিতীয়ার্ধে পেনাল্টি মেরেও বল জালে পাঠাতে না পারায় খেলাটি টাইব্রেকে গড়ায়।

অথচ রিয়াল মাদ্রিদের মাঠে বোকা জুনিয়র্সকে হারিয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নশিপটি জয়ের সুবাদে রিভারপ্লেটকেই এবার ফাইনালে ওঠার ব্যাপারে ফেবারিট ভাবা হচ্ছিল।

আমিরাতের দলটি ওশেনিয়া চ্যাম্পিয়ন টিম ওয়েলিংটনকে প্রথম রাউন্ডে পেনাল্টিতে হারিয়েছিল। এরপর তারা আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এসপারেন্স ডি তিউনিসের বিরুদ্ধে জয়ের পর রিভারপ্লেটকেও হারিয়ে যোগ দিল ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে। আল-আইনের সুবাদে এই প্রথম আরব আমিরাতের কোনো দল টুর্নামেন্টটির ফাইনালে উঠলো।

গোলরক্ষক খালিদ জয়ের পর জানিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য আল-আইন সর্বোচ্চ চেষ্টা করবো। আরব আমিরাতের জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক খালিদ এ নিয়ে দুটি খেলাতেই দলের জয়ে পেনাল্টি ঠেকিয়ে নায়কে পরিণত হয়েছেন।

স্বভাবতই উল্লসিত এই গোলরক্ষক বলেন, ‘এটা অসাধারণ এক ফল। আল আইন ও আরব আমিরাতের জন্য একটা ঐতিহাসিক ইভেন্ট। আমরা ফাইনালে উঠেছি। কাজেই আমরা নিজেদের সেরা চেষ্টাটাই চালাব। এখন আমরা এটা জয়ের জন্য লড়তে যাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নেই। এটা কঠিন হবে, তবে সুযোগ থাকলে আমরা উঁচুতেই লক্ষ্য স্থির করবো।’ —দ্য ন্যাশনাল