ম্যাথুস-মেন্ডিসের পর বৃষ্টির দাপট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

ড্র হল ওয়েলিংটন টেস্ট

 স্পোর্টস রিপোর্টার

অ্যাঞ্জেলো ম্যাথুস আর কুশল মেন্ডিসের জোড়া সেঞ্চুরির পর ওয়েলিংটনে দাপট দেখিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে পঞ্চম দিনে বেসিন রিজার্ভে খেলাই হল মাত্র ১৩ ওভার। তাই শেষ অবধি ড্র মেনে নিয়েছে দু’দলই। প্রথম ইনিংসে অপরাজিত ২৬৪ রান করায় ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম। ক্রাইস্টচার্চে বক্সিং ডে-তে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

২৯৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ফলে লঙ্কানদের ইনিংস হারের সম্ভাবনা তৈরি হয়। এ অবস্থায় দলের হাল ধরেন মেন্ডিস ও ম্যাথুস। চতুর্থ দিন পুরো সময়টা ব্যাট করেছেন তারা।

ফলে অবিস্মরণীয় একদিন কাটায় শ্রীলঙ্কা। পুরো দিন অবিচ্ছিন্ন থেকে দলের স্কোর তিন উইকেটে ২৫৯ রানে নিয়ে যান মেন্ডিস ও ম্যাথুস। দুজনই তুলে নেন সেঞ্চুরি। মেন্ডিস ১১৬ ও ম্যাথুস ১১৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেন। এসময় ৭ উইকেট হাতে নিয়ে ইনিংস হার এড়াতে আরও ৩৭ রান প্রয়োজন ছিল লংকানদের।

তাই পঞ্চম দিনটিও নিজেদের করে নেয়ার লক্ষ্য ছিল মেন্ডিস ও ম্যাথুসের। কিন্তু দিনের শুরু থেকেই বাগড়া বাধায় বৃষ্টি। তবে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় শুরু হয় খেলা। এরপর টানা ১৩ ওভার খেলাও হয়। কিন্তু আবারো শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টি চলতে থাকায় ম্যাচটি ড্র মেনে নেয় দু’দল।

পঞ্চম দিন মাত্র ১৩ ওভার হওয়া খেলাতে ২৮ রান যোগ করেন মেন্ডিস ও ম্যাথুস। ফলে চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন রান ছিল ২৭৪। মেন্ডিস ১৪১ ও ম্যাথুস ১২০ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ৫২ রানে দুই উইকেট নেন। যদিও দুটো উইকেটই তিনি পেয়েছিলেন টেস্টের তৃতীয় দিনে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা প্রথম ইনিংস: ২৮২ অল আউট ৯০ ওভার (ম্যাথুজ ৮৩, ডিকবেলা ৮০, করুনারত্নে ৭৯, সাউদি ৬/৬৮) ও দ্বিতীয় ইনিংস: ২৮৭/৩, ১১৫ ওভার (করুনারত্নে ১৪১*, ম্যাথুজ ১২০*, সাউদি ২/৫২)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৫৭৮/১০, ১৫৭.৩ ওভার (লাথাম ২৬৪*, উইলিয়মসন ৯১, কুমারা ৪/১২৭)।

ফলাফল : ড্র।

ম্যাচ সেরা : টম লাথাম (নিউজিল্যান্ড)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ০-০ সমতা।