স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে পড়লেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং চলাকালে আম্পায়ারের সঙ্গে উচ্চৈঃস্বরে কথা বলেন সাকিব। একটি বলে ওয়াইড না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। তখন স্ট্রাইকে ছিলেন সাকিব। এরপর আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে দীর্ঘক্ষণ কথাও বলেন সাকিব। এটি নজর এড়ায়নি ম্যাচ রেফারির। তাই ম্যাচ শেষে সাকিবকে জরিমানা করেন ম্যাচ রেফারি। অবশ্য নিজের অপরাধ ও শাস্তি মেনে নিয়েছেন সাকিব। তাই আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বরে এই পদ্ধতি চালু হবার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডিমেরিট পেলেন সাকিব। এর আগে গত মার্চে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির নিয়ম ভঙ্গ করায় একটি ডিমেরিট পেয়েছিলেন তিনি।
