ম্যানচেস্টার ডার্বিতে ৩-১ ব্যবধানে জিতে ‘ভয়’কে জয় করায় খেলোয়াড়দের প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। দিনের অন্য ম্যাচে চেলসি গোলশূন্য ড্র করেছে এভারটনের সঙ্গে। উলভারহ্যাম্পটনের সঙ্গে ঘরের মাঠে একটা বড় সময় পিছিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে আর্সেনাল।
ঘরের মাঠ এতিহাদে ১২ মিনিটেই ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ৪৮ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ লিগের শিরোপাধারীরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচটিতে প্রাণ সঞ্চার করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। তবে ৮৬ মিনিটে সিটি মিডফিল্ডার ইলকায় গুন্দোগান গোল করে সিটির জয় নিশ্চিত করে ফেলেন।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘খেলোয়াড়রা ভক্তদের সামনে ভালো খেলতে চেয়েছিল। আমরা জানি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা কেমন গুরুত্বপূর্ণ ছিল। ইতিহাসের পাতায় আমাদের অবস্থান যে সব সময় ইউনাইটেডের পেছনেই সেটা আমরা ভুলে যেতে পারি না।’
তিনি আরো বলেন, ‘প্রথমার্ধে আমরা কিছুটা ভয় নিয়ে খেলেছিলাম। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা সহজ ছিল না। তবে, পরবর্তীতে এই সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। আমি মনে করি সিটি সঠিক পথেই আছে। তবে লিভারপুল, চেলসি, এমনকি আর্সেনাল ও টটেনহ্যামেরও শিরোপা জয়ের সমান সুযোগ আছে। আমরা মাত্র দুই পয়েন্ট এগিয়ে আছি। একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে- আমরা ধারাবাহিকতা ধরে রেখেছি। বেশিরভাগ সময় এজন্য আমাদের ভাল খেলতে হচ্ছে। এখনো অনেক কিছুতেই আমাদের উন্নতি প্রয়োজন আছে যা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো স্বীকার করেছেন- তার দল এখন শুধু শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লড়াই করে যাচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘মৌসুমের শুরুতে আমরা জানতাম যে গত মৌসুমে দ্বিতীয় স্থান লাভ করাটা দুর্দান্ত এক অর্জন ছিল। এই মৌসুমে আমরা শীর্ষ চারের জন্য লড়াই করছি। শিরোপার কথা বলতে গেলে আমাদের অবশ্যই শীর্ষে থাকতে হবে। সে কারণেই যতদূর সম্ভব ব্যবধান কমানো যায় এটাই এখন মূল লক্ষ্য। একবার শীর্ষ চারের মধ্যে উঠতে পারলে তবেই বোঝা যাবে কার সাথে পার্থক্য কতটুকু।’
লিভারপুলের থেকে দুই পয়েন্ট এগিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। তৃতীয় স্থানে থাকা চেলসির থেকে তাদের পয়েন্টের ব্যবধান চার। এদিকে এবারের মৌসুমে এই নিয়ে লিগে চতুর্থ পরাজয়ে ইউনাইটেড ১২ পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে। অপর ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা দৌড়ে দারুণভাবে টিকে রয়েছে লিভারপুর। তবে শীর্ষ দুই দলের মতোই অপরাজিত থাকা চেলসি ঘরের মাঠে এভারটনের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। হেনরিক মাখিটারিয়ানের শেষ মুহূর্তের গোলে এমিরেটস স্টেডিয়ামে উল্ফসের সাথে ১-১ গোলে ড্র করে উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে টপকে চতুর্থ স্থান দখলের সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল।
