বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল

চট্টগ্রাম বিভাগীয় পর্বের বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

উত্সবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু হওয়া বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্বে গতকাল বুধবার উদ্বোধনী দিনে ৬টি খেলার নিষ্পত্তি হয়েছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতার প্রথম খেলায় খাগড়াছড়ি ২-০ গোলে কুমিল্লাকে, দ্বিতীয় খেলায় ব্রাহ্মণবাড়িয়া ৭-০ গোলে বান্দরবানকে, তৃতীয় খেলায় চাঁদপুর ২-১ গোলে রাঙ্গামাটিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের প্রথম খেলায় খাগড়াছড়ি ১-০ গোলে রাঙ্গামাটিকে, দ্বিতীয় খেলায় ফেনী ১-০ গোলে বান্দরবানকে এবং তৃতীয় খেলায় নোয়াখালীর বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে কক্সবাজার দ্বিতীয় রাউন্ডে খেলবে। আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

এর আগে চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সুলতান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।