সৌরভের ‘সুপার সিরিজ’ পরিকল্পনায় খেপেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং অন্য একটি ক্রিকেট দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ করার পরিকল্পনা করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়কের এমন পরিকল্পনায় খেপেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। এই পরিকল্পনা ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

ইউটিউব ভিত্তিক ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক অনুষ্ঠান ‘কট বিহাইন্ড’ এক আলোচনায় পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড এবং অপর একটি দেশকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে। এতে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।’ 

রশিদ লতিফ বলেন, ‘সুপার সিরিজের ফলে ক্রিকেটের শক্তিধর দেশগুলোর নতুন একটি জোট তৈরি হবে। ফলে এই চারটি দেশই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট শাসন করবে। যা কোনোভাবেই কাম্য নয়।’ 

রশিদ জানিয়েছেন, অতীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে সুপার সিরিজ করার প্রস্তাব দিয়েছিল। তখন ভারতীয় বোর্ড, ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আইসিসি’র সঙ্গে ‘সুপার সিরিজ’ নিয়ে একমত পোষণ করেনি।

আরও পড়ুন: উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

রশিদ আরও বলেন, ‘ক্রিকেট একটি গ্লোবালাইজড খেলা। ক্রিকেটে জোট থাকা একেবারেই উচিত নয়। সৌরভের এই পরিকল্পনা ফ্লপ হবে।’

সৌরভের সুপার সিরিজের পরিকল্পনা এখনও প্রস্তাবের স্তরেই রয়েছে। এমন সময় রশিদ লতিফ এই মন্তব্য করলেন। রশিদের এই মন্তব্যের জবাবে সৌরভ কিংবা বিসিসিআই কেউই কিছু বলেনি।  

ইত্তেফাক/এসইউ