ঢাকা মহানগরে বাসাবো একটি পরিকল্পিত আবাসিক এলাকা। লক্ষাধিক মধ্য ও নিম্নমধ্য আয়ের মানুষের বসবাস এখানে। দরিদ্র অধিবাসীও অনেক। ক’ বছর ধরে শীতকালে দিবা ভাগে তিতাস গ্যাস কোম্পানি থেকে সংযোগ দেওয়া আবাসিক চুলাগুলোতে গ্যাস এত কমে যায় যে রান্না করা মুশকিল হয়ে দাঁড়ায়। সত্তরের দশকের শুরুতে বাসাবোতে গ্যাস লাইনসমূহ স্থাপন করা হয়েছিল। গত পাঁচ দশকে এখানকার বাসিন্দা কয়েকগুণ বেড়েছে। কিন্তু তিতাস গ্যাস কোম্পানি উন্নয়নমূলক কোনো কাজ করেনি। গ্যাসের সরবরাহ চাহিদা পূরণের জন্য বৃদ্ধি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। দেশে গ্যাসের ব্যবহার বাড়াতে সরকার এলএনজি আমদানি করে গ্যাস সরবরাহ সিসটেমে যুক্ত করেছে। গ্যাসক্ষেত্র থেকেও আগের চেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। অন্য জ্বালানি অপেক্ষা মিথেন গ্যাস তুলনামূলক পরিবেশবান্ধব। সকল বিবেচনায় বাসাবোতে গ্যাস সরবরাহ বৃদ্ধির অনুরোধ করছি।
মো. আশরাফ হোসেন
৮/এ, রমনা, ঢাকা ১০০০
