বিশ্ব অর্থনীতির টু কিটাকি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

ভারতের প্রবৃদ্ধি নিয়ে সতর্ক করল আইএমএফ

বিশ্ব অর্থনীতির অন্যতম বড়ো অংশীদার ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ভারত যদি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে দেশটিকে এখনই নানা ধরনের নীতিনির্ধারণী পদক্ষেপ নিতে হবে। আগামী বছরগুলোতে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প এবং সামাজিক পদক্ষেপ বৃদ্ধি করা। উদীয়মান বাজারগুলোর মধ্যে ভারতের ঋণ সবচেয়ে বেশি, এটা অবশ্যই হ্রাস করতে হবে।

মেহেদি পাতা ও শজিনা নিচ্ছে চীন

ভারতীয় মেহেদি পাতা ও শজিনা নিতে চায় দেশটির দ্বিতীয় বৃহত্ বাণিজ্য অংশীদার চীন। ইতিমধ্যে চীন আমাদানি করার জন্য অর্ডারও দিয়েছে। ভেষজ ব্যবহারের জন্য চীন এসব পণ্য আমদানি করতে চায়। চীনে অর্গানিক পণ্যের বিশাল চাহিদা রয়েছে। এরই অংশ হিসেবে এসব কৃষিপণ্যেরও তারা অর্গানিক সার্টিফিকেট চেয়েছে। এছাড়া আরো কিছু ভেষজ পণ্য আমদানি করতে আগ্রহী চীন।

অর্থনীতি চাঙ্গা করতে কর কমাচ্ছে শ্রীলঙ্কা

অর্থনীতি চাঙ্গা করতে কর কর্তনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। আগামী বছর কর কর্তনের পাশাপাশি কম অপরিহার্য খাতের ব্যয়ও নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এই পদক্ষেপের ফলে শুরুতে রাজস্ব কিছুটা কমবে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে তা ছিল ৩ দশমিক ৯ শতাংশ। বিশেষত দেশটির পর্যটন খাত ব্যাপক শিথিল হয়ে পড়ায় দেশটির মুদ্রায় ধস নামে। এরপরই সরকার দেশটির অর্থনীতি চাঙ্গা করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।