ডাবল শিফট চালুর আবেদন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি বিদ্যালয়। প্রতি বছর ঈর্ষণীয় সাফল্য এই স্কুলকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। প্রতি বছরই বাড়ছে পাশের হার। কিন্তু বাড়ছে না আসন সংখ্যা। ভর্তি পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ১৮০টি আসনে ভর্তি করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। শিক্ষার্থীদের ভর্তির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। অভিভাবকরাও থাকেন দুশ্চিন্তায়। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাপের কারণে ডাবল শিফট চালুর দাবি জোরালো হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি স্কুল, পাশাপাশি ভালো রেজাল্টের কারণে এ স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রে অভিভাবকের আগ্রহের কমতি নেই। ধারাবাহিক সাফল্যে প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার কমতে থাকায় মাধ্যমিক স্তরে প্রতিবছরই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। সরকার নারীশিক্ষায় যে ব্যাপক পরিবর্তন এনেছে তার বাস্তবায়নস্বরূপ নারীশিক্ষার প্রসার ঘটাতে এই স্কুলে ডাবল শিফটের বিকল্প নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

পটিয়া, চট্টগ্রাম