ক্যাসিনো থেকে ঘুষ নেওয়ার অভিযোগে জাপানে সরকারি দলের একজন এমপিকে আটক করেছে পুলিশ। ক্যাসিনো পরিচালনাকারী এক প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৭ লাখ ইয়েন (৩৪ হাজার ডলার) ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিবিসির এক খবরে বলা হয়েছে, এমপি সুকাসা আকিমতো গত অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী শিনঝো আবের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি সরকারের ক্যাসিনো সংক্রান্ত নীতি-পরিকল্পনা দেখভালের দায়িত্বে ছিলেন। তবে ৪৮ বছর বয়সি আকিমতো কোনো ধরনের অনৈতিক কাজের কথা অস্বীকার করেছেন। তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেননি বলে দাবি করেছেন।
খবরে বলা হয়েছে, একটি ক্যাসিনো অপারেটরকে সুযোগ করে দিতে ঐ প্রতিষ্ঠানের তিন কর্মীর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল ঐ তিন কর্মকর্তাকে আটক করা হয়। পুলিশ এমপিকে আটকের পর তার কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। উল্লেখ্য, অনেক বছরের বিতর্কের পর হোটেলের মধ্যে ক্যাসিনো চালানোর পক্ষে ২০১৬ সালে জাপানের পার্লামেন্টে ভোট দেয়। যদিও এখন পর্যন্ত কোনো ক্যাসিনো লাইসেন্স ইস্যু করা হয়নি।
