বদরগঞ্জে কবিরাজি ওষুধ খেয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে কবিরাজি ওষুধ খেয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কালুপাড়া ইউপির ফয়েজের পাড়া গ্রামে।

জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যখোলাবাড়ি গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে কবিরাজ মজিবর রহমান আত্মীয়তার সূত্রে বদরগঞ্জের কালুপাড়া ইউপির ফয়েজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে এবং সে তার তৈরিকৃত কবিরাজি ওষুধ (মোদক) বাড়ির সকলকে খাওয়ায়। এতে ঘটনাস্থলেই ফয়েজ উদ্দিনের স্ত্রী ওসিরন বেওয়া (৯০) ও তার ছেলে আঃ ছালাম (৫০) মারা যায়। গুরুতর অসুস্থ ফয়েজ উদ্দিনের অপর ছেলে নুর হোসেন ও মেয়ে নুর বানুকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ কবিরাজ মজিবরকে কবিরাজি ওষুধসহ গ্রেফতার করে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঃ হাই রুবেল জানান, হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল হতে কবিরাজ মজিবরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।