কথাসাহিত্যিক আবু রুশদ মতিনউদ্দিনের শততম জন্মদিন উদ্যাপন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

কথাসাহিত্যিক আবু রুশদ মতিনউদ্দিনের শততম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর দনিয়া পাঠাগার দনিয়া স্টুডিও থিয়েটার হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আবু রুশদ মতিনউদ্দিনের সহধর্মির্ণী আজিজা ঈসমাইল, সন্তান আবু কামাল এবং ভাগনে এস এস এম সদরুল হুদা। স্বাগত বক্তব্য দেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ। কথাসাহিত্যিক আবু রুশদ মতিনউদ্দিনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী সাদিয়া নওশীন। আলোচনায় অংশ নেন দনিয়া পাঠাগারের সহসভাপতি হাসান মো. জাহাঙ্গীর, দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এইচ আর অনিক এবং লেখক-সাংবাদিক কাজী আলিমুজ্জামান।

আলোচনায় বক্তারা একুশে পদকপ্রাপ্ত আবু রুশদ মতিনউদ্দিনের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন এবং তার প্রকাশিত সাহিত্যকর্মগুলোর অধিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। ইংরেজি অনুবাদকৃত লালন শাহ্র গানগুলো নিয়ে বাংলা একাডেমির প্রকাশিত গ্রন্থের পুনঃপ্রকাশ ও অধিক প্রচারের দাবি জানান। এ ছাড়াও মুক্তিযুদ্ধকালীন তিনি ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন প্রদর্শন করে দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেন তার স্বীকৃতি দেওয়া উচিত। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন তাসফিরা নুন রুনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আজাদ। —প্রেস বিজ্ঞপ্তি