ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভের সময় উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ ‘লাগামহীনভাবে’ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে একটি স্বাধীন তদন্তকারী দল। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আইনজীবী, মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদরা রয়েছেন। তারা বলেছেন, ছাত্রদের ব্যাপক মারধর করার সময়ে পুলিশের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেছে, ছাত্রদের ওপরে ব্যবহার করা হয়েছে ‘স্টান গ্রেনেড’ বা সাউন্ড গ্রেনেড—যা সাধারণত সন্ত্রাসী হামলার সময়ে করা হয়ে থাকে। এক জন ছাত্রের হাত কেটে বাদও দিতে হয়েছে। তবে পুলিশ বলছে, ছাত্ররাই প্রথমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছিল এবং তারা ন্যূনতম শক্তি প্রয়োগ করেছে শুধু আত্মরক্ষার স্বার্থে। সবশেষ খবরে জানা যায়, ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বুধবারও অব্যাহত ছিল। খবর :বিবিসি।
