দিনাজপুর অফিস
দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের এ্যাপিলিয়েড ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম মঙ্গলবার এর সত্যতা স্বীকার করেছেন।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না জানিয়ে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। কিন্তু নির্বাচন কমিশনও তার আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর প্রার্থিতা ফিরে চেয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেন। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোফাজ্জল হোসেন দুলালকে চূড়ান্ত মনোনয়ন দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে থেকেও সৈয়দ জাহাঙ্গীর আলম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন হাই কোর্ট এমন রায় দেন। রায় ঘোষণার পর কেন্দ্রীয় বিএনপি মোফাজ্জল হোসেন দুলালকে বাদ দিয়ে বিএনপি প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেন। ফলে দিনাজপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমকে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদিকে মেয়র পদে থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না চ্যালেঞ্জ করে মোঃ আশরাফুল আলম নামে এক ব্যক্তি আইনজীবী সত্যরঞ্জন মণ্ডলের মাধ্যমে সুপ্রিম কোর্টের এ্যাপিলিয়েড ডিভিশনে পিটিশন দাখিল করেন। মঙ্গলবার সাতজন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের এ্যাপিলিয়েড ডিভিশনের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিতের আদেশ দেন। এই আদেশের ফলে দিনাজপুর-৩ আসনে আপাতত প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না সৈয়দ জাহাঙ্গীর আলম। দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, তিনি এ আদেশের বিরুদ্ধে আইনগতভাবে কি করা যায়, সে ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন।
