চান্দিনায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রার্থীসহ বিএনপি ও এলডিপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুই প্রার্থী হলেন— জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী অধ্যাপক মোঃ আবু তাহের (তারা) এবং ২০ দলীয় জোটের সঙ্গে থাকা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজ (গরুর গাড়ি)।

তাদের মধ্যে সোমবার কুমিল্লা আদালতে হাজির হয়ে জামিন চাওয়ার পর জামিন না মঞ্জুর হয়ে কারাগারে রয়েছেন অধ্যাপক আবু তাহের এবং মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন শাহজাহান সিরাজ। ওই দুই প্রার্থী দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রকৃতপক্ষে তারা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পদ-পদবিতে রয়েছেন। এদের মধ্যে অধ্যাপক আবু তাহের গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি এবং শাহজাহান সিরাজ চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক।

রাজনৈতিকভাবে তারা এ আসন থেকে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোটের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের অনুসারী।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর বিকেলে চান্দিনার ফতেহপুরে নির্বাচনী সহিংসতায় উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মারাত্মক আহত হলে তার ভাই সালাউদ্দিন বিএনপি ও এলডিপির ৩৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে চান্দিনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় অধ্যাপক আবু তাহের ও শাহজাহান সিরাজকে আসামি করা হয়েছে।