ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন

উন্নয়ন অব্যাহত রাখতে আনিসুল হককে পুনরায় নির্বাচিত করার আহ্বান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বিগত পাঁচ বছরে নেয়া উন্নয়নকে তুলে ধরে জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার নেয়া উন্নয়নমূলক কার্যক্রমও জনগণের মুখে মুখে। এটিকে ভিত্তি করে ভোটে বিজয়ী হওয়ার লক্ষ্য তার নেতা-কর্মী ও সমর্থকদের।

সরেজমিন ভোটাররা জানান, আইনমন্ত্রী আনিসুল হক ক্লিন ইমেজের মানুষ। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ আসন থেকে  আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকেই পুনরায় নির্বাচিত করতে চাই। তারা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক এবং গণমানুষের নেতা। তিনি এলাকার মানুষের সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের চেষ্টা করেন।

৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী আনিসুল হক এমপি। দশম সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক কসবা আখাউড়ার প্রায় ১৫শ’ বেকার ও অসহায় যুবক-যুবতীকে চাকরি দিয়েছেন। আখাউড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, কসবা উপজেলায় ৯৮ ভাগ বিদ্যুতায়ন, কসবা-আখাউড়ার প্রধান প্রধান সড়ক, ব্রিজ নির্মাণ, কসবা রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করে আন্তর্জাতিক মানের স্টেশন নির্মাণের মহাপরিকল্পনা, কসবা কারিগরি ইনস্টিটিউট স্থাপন, শিল্পনগরী স্থাপন, বায়েকে হর্টিকালচার ইনস্টিটিউট স্থাপন, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে কুটি-কসবা সড়ক উন্নয়নসহ নানামুখী উন্নয়ন এখন দ্বারপ্রান্তে। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকার সড়কগুলো সংস্কারের কাজ চলছে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, মন্দির-শ্মশান ইত্যাদির ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান এলাকাবাসী।