রাখাইনে বিদ্রোহী হামলায় সু চির কর্মকর্তা নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:০২

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা ইয়ে থেইন বুথিডং অঞ্চলের এনএলডি’র চেয়ারম্যান। খবর রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ইয়ে থেইনকে চলতি মাসের ১১ ডিসেম্বর আটক করা হয়েছিলো। গত সোমবার তাকেসহ বেশ কয়েকজন বন্দিকে কারাগারে নেওয়ার সময় আরাকান আর্মির হামলা চালায়। এসময় এনএলডি’র ওই শীর্ষ কর্মকর্তাসহ কয়েকজন বন্দি নিহত হন। 

এক বিবৃতিতে হামলার দাবি করে আরাকান আর্মি জানিয়েছে, একটি বড়ো বিস্ফোরণে কয়েকজন বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে বুথিডং এনএলডি’র চেয়ারম্যান ইয়ে থেইনও রয়েছেন। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এই হামলার সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের কোন সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে আরাকান আর্মি।

আরও পড়ুন: জাতীয় জনসংখ্যা নিবন্ধনে ভুল তথ্য দিন: অরুন্ধতী রায় 

এনএলডি কর্মকর্তার মৃত্যু সম্পর্কে সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি। তবে এনএলডি’র মুখপাত্র মায়ো নিন্ট বলেছেন, আরাকান আর্মি এ হামলা চালিয়েছে। 

উল্লেখ্য, আরাকান আর্মি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন একটি সংগঠন যারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক দশক লড়াই করে যাচ্ছে। গত বছর মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ শুরু হয় যা এখনও চলছে। এই সংঘর্ষের ফলে এক বছরে রাখাইনে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরাকান আর্মি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পক্ষে অবস্থান ব্যক্ত করেছে। 

ইত্তেফাক/এসইউ