আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান
নূর-ই-আলম চৌধুরী লিটনের
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের আওয়ামী লীগ প্রার্থী পাঁচবারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
তিনি বলেন, শিবচরে এখন ৫ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য যে কোনো সরকার যদি ক্ষমতায় আসে তাহলে পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে। তাই উন্নয়নের স্বার্থে আপনাদের নৌকায় ভোট দিতে হবে। গতকাল বুধবার সকালে চান্দেরচর বাজারে পথসভায় বিএনপি নেতা আ. রউফ শিকদারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদানের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন, লিটন চৌধুরী শিবচরে যে পরিমাণ উন্নয়ন করেছেন এবার ভোটের মাধ্যমে শিবচরবাসী তাকে দেশ সেরা ফলাফল দিয়ে দেশবাসীকে দেখাবেন। পরে লিটন চৌধুরী উমেদপুর-ভদ্রাসন ইউনিয়নে তিনটি পথসভা ও তিনটি উঠান বৈঠক করেন। বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।
নন্দীগ্রামে আওয়ামী লীগের
যৌথ সভা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেনকে নৌকা মার্কায় বিজয়ী করতে মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানার রাজনৈতিক কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন। এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের কাউন্সিলর আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মহাজোট
প্রার্থীর গণসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়ার লাঙ্গল প্রতীকের পক্ষে মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মিছিল করা হয়েছে। সরাইল উপজেলার সরাইল সদর, শাহাজাদপুর, শাহবাজপুর ও নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিছিল সহকারে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মো. নাছির খান, সদস্য মো. হাসান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জেনহারুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ মিয়া প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ মহজোট প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়াকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
