ডামুড্যায় নৌকা মার্কার অটোগাড়ির বহর
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা মো. নুরুল ইসলাম খোকন, গত মঙ্গলবার বিকালে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে ডামুড্যা উপজেলার অটোবাইক সমিতির সভাপতি আবুল কালাম চৌকিদারের পক্ষ থেকে অটোগাড়ির বহর বের হয়। অটোগাড়ির বহরটি ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে গোসাইরহাট হয়ে নির্বাচনী এলাকা ঘুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সাবেক এম.পি আলহাজ নাহিম রাজ্জাকের বাড়িতে এসে আলোচনার মাধ্যমে উঠান বৈঠকের কাজ শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অটোবাইক সমিতির সিনিয়র সহ-সভাপতি বোরহান ঢালী, মোক্তার চৌকিদার, পৌরসভার সভাপতি রিপন মোল্যা, আলতাফ চৌকিদার ও প্রচার সম্পাদক মাইনুদ্দিন ঢালী।
ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের শুভেচ্ছা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তিতাস বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল বুধবার কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল হক জর্জ, ছাত্র বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি বিএনপির সভাপতি একেএম সামছুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, এমদাদ হোসেন আখন্দ, ছাদির মোল্লা, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, হোমনা ছাত্রদলের সভাপতি অহিদ মোল্লা, দাউদকান্দি ছাত্রদলের সভাপতি নোমান খন্দকার প্রমুখ।
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের
মৃত্যুবার্ষিকী পালিত
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বিষাদ-সিন্ধুর রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১০৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ ও সাহিত্য পরিষদ নানা কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকালে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি আমীর। পুষ্পমাল্য অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মহেশপুরে নির্বাচনী পটগান
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা গতকাল বুধবার সকালে মহেশপুর বাসস্ট্যান্ডে রূপান্তর এনজিও’র উদ্যোগে এবং উই ও আরডিসি’র বাস্তবায়নে পটগান অনুষ্ঠিত হয়। পটগানের উদ্বোধন করেন মানবাধিকার সংগঠন আরডিসি’র নির্বাহী প্রধান ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম। এ সময় উপস্থিত ছিলেন বনলতা নাট্য সংসদের পরিচালক শহিদুল ইসলাম, উই-এর প্রোগ্রাম অফিসার সাবদার হোসেন প্রমুখ।
