নববর্ষ অনেকটা জন্মদিনে মতো। জন্মদিন যেমন প্রতি বছর একবার আসে, নববর্ষও তেমনি একবার আসে। নববর্ষ হলো বছরের জন্মদিন। এই দিন থেকে নতুন একটি বছর শুরু হয়। পৃথিবীতে নানা রকম বছর আছে, যেমন ইংরেজি বছর, বাংলা বছর। ইংরেজি বছরের শুরুকে হলা হয় ইংরেজি নববর্ষ, আর বাংলা বছরের শুরুকে বলা হয় বাংলা নববর্ষ। মজার ব্যাপার হলো, নববর্ষ সব সময় ১ তারিখে হয়। ইংরেজি নববর্ষ শুরু হয় ১ জানুয়ারি, আর বাংলা নববর্ষ হলো ১ বৈশাখ। ইংরেজি বছরকে বলে খ্রিস্টাব্দ, আর বাংলা বছরকে বঙ্গাব্দ। পৃথিবীতে সবার একটি করে জন্মদিন আছে। কিন্তু বছরের জন্মদিন মাত্র একটি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা বলি ‘হ্যাপি বার্থ ডে’, আর নতুন বছরের শুভেচ্ছা জানাতে বলি ‘হ্যাপি নিউ ইয়ার’!
আমাদের জন্মদিনে আমাদের বয়স এক বছর বেড়ে যায়। আর বছরের জন্মদিনে খ্রিস্টাব্দের বয়স এক বছর বেড়ে যায়। যেমন আজকে হলো শুক্রবার, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু আগামী বুধবারে হবে ২০২০ সালের ১ জানুয়ারি। এরপর আর কোনোদিন ২০১৯ সাল আসবে না। এজন্য আমরা বলি বিদায় ২০১৯।
নতুন বছরে তারিখটাই শুধু পাল্টে যায়। আর সব প্রায় একই থাকে। আজকে সকালে যেমন শীত, ১ জানুয়ারিতেও তেমনি শীত পড়বে। আজকে যেমন কুয়াশা, জানুয়ারির এক তারিখেও তেমনি কুয়াশা পড়বে। তবে নতুন বছর এলে মনে হয় যেন নতুন কেউ বেড়াতে এল। মনে হয়, নতুন বছরকে খুব আদর-যত্ন করি। এজন্য আমরা নতুন বছরকে বরণ করি। বরণ করা মানে হলো খুব আনন্দ আর সম্মান করে কাছে ডেকে নেওয়া। আমরা নতুন বছরকে খুব খাতির-যত্ন করে কাছে ডাকি। খাবারের আয়োজন করি। নতুন বছর তো খেতে পারে না, তাই আমরাই গাপুস গুপুস করে সে খাবার খাই।
নতুন বছরে কিছু জিনিস বদলেও যায়। যেমন নতুন ক্লাসে উঠতে হয়, স্কুল থেকে নতুন বই পাওয়া যায়। আমরা নতুন বই নিয়ে আনন্দ করতে করতে বাড়ি আসি। নতুন বইয়ে নতুন নতুন গল্প আর ছবি। নতুন নতুন ছড়া আর কবিতা। আর সবচেয়ে নতুন হলো নতুন একটি ক্লাস। এখন যে ক্লাস ফোরের ছাত্র, ১ জানুয়ারি থেকে সে হবে ক্লাস ফাইভের। এভাবে সবার একটি করে ক্লাস বেড়ে যাবে। প্রতি বছর এভাবে নতুন একটি করে ক্লাস বাড়বে। বাড়তে বাড়তে একদিন সব ক্লাস পড়া হয়ে যাবে। কিন্তু নববর্ষ কখনো শেষ হবে না। প্রতি বছর ১ জানুয়ারিতে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সে আসবে। আর সবাই বলবে, হ্যাপি নিউ ইয়ার!
