তুমি প্রায়ই কপালে হাত দাও
কপালটা মোছ...
নিমগ্ন থাকতে থাকতে
হঠাত্ ঝাঁকুনি খেয়ে কেঁপে ওঠ
তারপর কপালটা মোছ!
যখন মেসেনজারে কথা হয়
ফেক আইডিতে
ওয়েবক্যামে
দেখি ভিডিও ক্লিপে
কিংবা
যখন ঢাকায় আস, বাগেরহাটে যাও...
কেন কপাল হাতরাও
কী মোছ?
তুমি তো সিঁদুর পর না
এমনকি টিপও;
এসিতে থাক, কখনো ঘাম না...
কেন তবে বারবার কপালটা মোছ!
কথা বলতে বলতে কিছুটা আনমনা
তারপর আচমকা আঁতকে উঠে
তড়িঘড়ি কপালটা মোছ...
কেন, কেন, কেন মোছ?
আমার হাতের আঙুল থেকে
যে রক্তটা দিয়েছি তোমাকে
কখনো কি ফিরে চাই?
তোমার কপালে তা নাই
তবে কেন মোছ!
