ব্যক্তিগত আয়াত কাগজে লিখতে পারলে
তুলনা করি, কতটুকু ছুঁয়েছি—জীবনানন্দ
প্রেমিকা এখনো বহাল, চাকরিটা আছে
ভাতের চিন্তা করতে হয় না
এর মানে তোকে দিয়ে কবিতা হবে না।
ট্রামের ধাক্কা খাওয়ার আগে
সইতে হইবে লাঞ্ছনার সূক্ষ্ম কামড়
কবিদের টাকা থাকতে নেই
কবিতা দেবীর ভোগ হিসেবে
অন্তরাত্মার খুন বিষম প্রিয়
ভাবতে থাকি, ভাবনা সংশোধন করি—
প্রেমিকা বউ সাজুক
পকেটে টাকা আসুক
বিত্তবানের ঐশ্বর্যে নয়
কৃষকের গোলাঘরের মর্যাদায়।
