সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পুষ্পকলির শীত উৎসব-২০১৯’। প্রতি বছরের মত এবারের শীতেও স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা’র আয়োজনে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি ওইদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
উৎসবে পুষ্পকলি স্কুলের ৩০০ জন সুবিধা বঞ্চিত শিশুর দিনের বেলার শীত নিবারণের জন্য প্রদান করা হবে শীতের ভারী জ্যাকেট এবং রাতের শীত বস্ত্র হিসাবে দেওয়া হবে কম্বল। এছাড়াও থাকছে মায়ের হাতের হরেক রকম পিঠা পুলি ‘যত চাও তত খাও’ আয়োজন।

উৎসবকে আরও রঙিন করতে ম্যাজিক শো নিয়ে শিশুদের সঙ্গে থাকছে জাদুকর উলফাত কবির এবং জলপুতুল পাপেট থাকছে পাপেট শো নিয়ে। এছাড়া পুষ্পকলি স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: শিশু হত্যাচেষ্টার অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে সমন
উৎসব সম্পর্কে সম্ভাবনার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘সম্ভাবনা বিশ্বাস করে বঞ্চিত শিশুরাও আগামীর সম্ভাবনা। সঠিক দিক নির্দেশনা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে তারাও হতে পারে দেশের সম্পদ। সে লক্ষ্যে কাজ করছে সম্ভাবনা। আমরা চাই প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে শিশুদের পাশে এগিয়ে আসুক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তরুণরা মিলেই গড়বো আগামীর সম্ভাবনার বাংলাদেশ।’
ইত্তেফাক/এএএম

