সিলেট টেস্টে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের অন্যতম নেপথ্য নায়ক টেন্ডাই চাতারাকে অন্তত চলতি ঢাকা টেস্টের জন্য হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। গতকাল তিনি উরুর মাংশপেশীতে ‘গ্রেড-২’ ধরনের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের ইনিংসের ১০০তম ওভারে এই চোট পাওয়ার ঘটনা ঘটে। ওভারের তৃতীয় বল করতে ছুটে আসার সময় খোঁড়াতে খোঁড়াতে বল করা বন্ধ করেন চাতারা। প্রথমে মাঠেই তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। জিম্বাবুয়ে দলের একজন মুখপাত্র বলেছেন, ইনজুরি গুরুতর। তবে পরে আরও খবর জানানো হবে। এই ইনজুরির আগে চাতারা মিরপুর টেস্টে ২২.২ ওভার বল করে ৩৪ রানে ১ উইকেট নিয়েছিলেন। এর আগে সিলেটে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসে ভূমিকা রেখেছিলেন।
