উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা: উখিয়ায় রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য নির্ধারিত বিভিন্ন ক্যাম্পের আওতাধীন ফসলি জমিগুলোতে চাষাবাদের পরিবেশ না থাকায় এসব জমির প্রকৃত মালিকরা হতাশ হয়ে পড়েছেন। ক্যাম্প থেকে আবাদযোগ্য এসব জমিতে সরাসরি ময়লা-আবর্জনা, মল-মূত্রসহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘটনা নিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত জমির মালিক মৃত ইউছুপ আলীর ছেলে মোঃ জুহুর আলম জানান, সরাসরি ময়লা-আবর্জনা জমিতে ফেলার কারণে এক বছর ধরে ওই জমিগুলোতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এভাবে কৃষক গোরা মিয়া, আব্দুর রহিমসহ একাধিক লোক অভিযোগ করেন। স্থানীয় ইউপি সদস্য জয়নাল মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কৃষি জমিগুলো চাষাবাদের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রায় এক হাজার একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, ক্যাম্পের আবাদযোগ্য জমিতে চাষাবাদ করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন —ইত্তেফাক