দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন মদাতি। এর পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখন জেলার নামই যথেষ্ট। যেখানে সরকারি কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ বিস্ময়কর। উত্তরাঞ্চল, গ্রাম, মঙ্গা কিংবা চিরকাল অবহেলিত এসব ধারণাকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইউনিয়নটি। অনেকের প্রচলিত ধারণা বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে লোকজন ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়। কিন্তু সামাজিকভাবে শিক্ষিত রাজনৈতিক সচেতন নাগরিক অধিকারবোধ থেকে যে জনগণ সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তা এখানে নিয়মিত উপস্থিত। তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীষর্ক প্রচার কার্যক্রমে। তীব্র শীতকে উপেক্ষা করে সন্ধ্যায় ইউনিয়ন হল রুম এবং প্রাঙ্গণে হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দেয় দিন বদলে গেছে। নারীর ক্ষমতায়ন যে সমান তালে এগিয়ে চলছে তা বোঝা গেল নারীদের সরব উপস্থিতিতে। ইউনিয়নটির শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, স্যানিটেশন, নাগরিক অধিকার, স্থানীয় রাজনীতি, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় দেশের অন্যান্য ইউনিয়নের জন্য মডেল হতে পারে বলে এখানে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার দৃঢ় বিশ্বাস।
জাকির সোহান
জুনিয়র অফিসার, রূপালি ব্যাংক লি., চামটাহাট শাখা, কালীগঞ্জ, লালমনিরহাট
