বগুড়া অফিস
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী এমপি আব্দুল মান্নানের নৌকা ও বিএনপি প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই আসনে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এবারের সংসদ নির্বাচন আব্দুল মান্নানের চতুর্থ এবং কাজী রফিকুল ইসলামের দ্বিতীয়বার অংশগ্রহণ। ২০০১ সালে সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নানের চেয়ে ৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন।
ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে গত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আব্দুল মান্নান যেভাবে এলাকার মানুষের মাঝে পড়ে আছেন সে বিবেচনায় তিনি বেশি ভোট পাবেন। আবার অনেকে বলছেন, এলাকায় ভোটারদের মাঝে ধানের শীষের মোহ আছে। উন্নয়ন হলো সরকারের ধারাবাহিকতা। কাজী রফিকুলের আমলেও উন্নয়ন হয়েছে। এভাবে এগিয়ে যাচ্ছে নির্বাচনী মাঠের আলোচনা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হাসবেন জয়ের হাসি তা দেখতে অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
