ড. ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়ায় দলটির নিবন্ধন বাতিল করতে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, নিবন্ধন বাতিলের বিষয়ে দলটি আপিল শুনানিতে ইচ্ছুক হলে আগামী ১৫ দিনের মধ্যে ইসি সচিবালয়কে জানাতে হবে। তা না হলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। গত বুধবার বিকালে এ সংক্রান্ত একটি চিঠিটি পাঠানো হয়েছে। ইসির উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পিডিপি থেকে ইসিকে যে তথ্য দেওয়া হয়েছে তা অসম্পূর্ণ। এ অবস্থায় গত ২০ আগস্ট পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে ১০ দিন সময় দেওয়া হয়। পরে পিডিপির পক্ষ থেকে দুইমাস সময় চেয়ে ইসিতে আবেদন করা হয়।
আবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। ঐ সময়ের মধ্যে পিডিপির তথ্য জমা দেওয়া হয়। কিন্তু সেখানেও দলের কেন্দ্রীয় কমিটিসহ কেন্দ্রীয় দপ্তর এবং জেলা-উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে।
২০০৮ সালের ১৩ নভেম্বর নির্বাচন কমিশনে ২৬ নম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি। পরে জাতীয় সংসদ নির্বাচনগুলোতেও অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি।
২০১৮ সালের সংসদ নির্বাচনের পর দলগুলোকে কেন্দ্রীয় কমিটিসহ কেন্দ্রীয় দপ্তর ও সব দপ্তরের তথ্য চায় নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয় পিডিপি। এরপর দফায় দফায় সময় বাড়ানো হলে যে তথ্য দেয় দলটি, তাও কোনো ভিত্তি খুঁজে পায়নি নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। তাই দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি। পিডিপি বাতিল হলে সে সংখ্যা ৪০-এ নেমে আসবে।
