ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে ভোটযুদ্ধের মাধ্যমে পরাজিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বুধবার একদন্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত গোপালপুর কাজীরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী শরীফ এ আহ্বান জানান।
তিনি বলেন, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম স্বাধীনতা বিরোধী এবং তাদের মদদদাতাদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তাই বিজয়ের মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে রাজাকার-আলবদর ও স্বাধীনতা বিরোধী মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এই এলাকার মানুষ একাত্তরের মতোই গর্জে উঠেছে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনীতি অগ্রযাত্রা হয়। জনবান্ধব শেখ হাসিনা সরকারের সময়ে এই এলাকায় বেকারত্ব আজ নেই বললেই চলে। শিক্ষিত তরুণদের বেকারত্ব ঘুচাতে মানবতার মা প্রধানমন্ত্রী নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, আজকের এই জনসমুদ্রের জনসভাই প্রমাণ করে আগামীতেও এই এলাকার মানুষ বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।
ওয়ার্ড সভাপতি কামাল সরকারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি চন্দন চক্রবর্তী, আটঘোড়িয়ার মেয়র শহীদুল ইসলাম রতন, মাজপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর মিঞা প্রমুখ।
