রাণীনগরে কীটনাশক ফাঁদ পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ বাড়ছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১২

ক্ষতিকারক পোকামাকড় নিধনে পরিবেশবান্ধব কীটনাশক ফাঁদ ব্যবহার করে নওগাঁর রাণীনগরে বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে স্বল্প খরচ ও ফলাফল ভালো হওয়ায় সবজির উত্পাদন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন এই পদ্ধতিটি কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে জৈবিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সেক্স ফেরোমন ট্র্যাপ বা কীটনাশক ফাঁদ বিনামূল্যে প্রদান করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় শতাধিক কৃষকের মাঝে এই প্রযুক্তি প্রদানের মাধ্যমে প্রায় ১০ হেক্টর সবজির খেতে এই সেক্স ফেরোমন ট্র্যাপ বা কীটনাশক ফাঁদের প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

উপজেলার পাকুরিয়া গ্রামের কৃষক এজাদুল হক, আব্দুল মান্নান, মহসিন আলীসহ অনেকেই বলেন, বেগুনের আবাদে প্রচুর কীটনাশক প্রয়োগ করতে হয়। তবুও বেগুনের ফলন তেমন ভালো পাওয়া যায় না। তবে পরিবেশবান্ধব এই পদ্ধতি ব্যবহার করে আমরা অনেক উপকৃত হচ্ছি। সূর্য অস্ত যাওয়ার পর খেতের ক্ষতিকারক পোকাগুলো এই ফাঁদে এসে পড়ে মরে যায়। এতে করে খেতে কম কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। ফলনও অনেকটা ভালো পাওয়া যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম বলেন, মানুষের কাছে বিষমুক্ত সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের যে ভিশন তা বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। পরিবেশবান্ধব এই জৈবিক সেক্স ফেরোমন ট্র্যাপ পদ্ধতিতে বিষমুক্ত ফসল উত্পাদন করা যায়। এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এই পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি করা ও কীটনাশকের ব্যবহার কমানোর লক্ষ্যে এই ট্র্যাপ উপকরণগুলো সরকার বিনামূল্যে প্রদান করছেন।