প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

কয়েকটি পত্রিকায় ও অনলাইনে ‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যাখ্যায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। এ নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। ‘জন্মসূত্রে’ শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে। — সংবাদ বিজ্ঞপ্তি