সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় পূর্ববাংলার সর্বহারা পার্টির লিফলেট বিতরণ, শ্লোগান এবং ফাঁকা গুলির মাধ্যমে আতংক ছড়ানোর খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ২৫/৩০ জনের মুখোশধারী সর্বহারা দলের সদস্যরা ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে আসে। তারা বাজারের নাইট গার্ডদের জিম্মি করে বিভিন্ন শ্লোগান দেয়, দোকানে দোকানে লিফলেট বিতরণ করে। এসময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাথমিক স্কুলের পাশে লাল পতাকা টাঙিয়ে দেয়। ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, এলাকায় আতংক ছড়ানোর জন্য হঠাত্ করে সর্বহারারা নির্বাচনের আগে সুসংগঠিত হয়ে এ কাজ করেছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
