ইউএনওর গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুইজন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০০:৫৫

বরগুনার পাথরঘাটায় ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি জমাদ্দার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোটরসাইকেলের চালক বশির মিয়া (৩৫) ও যাত্রী মোফাজ্জেল (৪০)। বশির উপজেলার কাকচিড়া ইউনিয়নের আজিমপুর গ্রামের খালেক মিয়ার ছেলে। সে মোটরসাইকেলে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করত। আর মোফাজ্জেল ছিল ঐ মোটরসাইকেলের যাত্রী, তার বাড়ি ভোলা জেলায়।

 জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির অফিসের কাজের জন্য বরগুনায় যাওয়ার পথে বাইনচটকি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঐ মোটরসাইকেলের চালক বশির ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোফাজ্জেল নামের ঐ যাত্রী। পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্য কামাল হোসেন জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে বাশিরের মৃত্যু হয়। আহত মোফাজ্জেলকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষক সিরাজুল হকের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হক  বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শেফালি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। নিহত গৃহবধূ পৌরশহরের ভেলাতৈড় ডাঙ্গীবস্তির ছুটুবাউয়ের স্ত্রী।  পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার উপজেলার মিলনবাজার বাবার বাড়ি থেকে মাকে নিয়ে স্বামীর বাড়ি ফিরছিলেন শেফালি। পথে দরবগাজী পীরের মাযারের কাছে সে অটোরিকশা থেকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে স্থানান্তর করার পর সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, বুধবার রাতে কপিলমুনির আগড়ঘাটা চেয়ারম্যান বাড়ি মোড়ে জুয়েল নামের (২৫) যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি উপজেলার বিরাশী গ্রামের মোস্তাব আলীর ছেলে।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার সাঁথিয়ায় পাবনা-ঢাকা সড়কের বনগ্রাম বাজারে সড়ক দুর্ঘটনায় আইজুল ইসলাম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার আর. আতাইকুলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের উজ্জল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। স্থানীয়রা জানান, আইজুল ইসলাম নিজ বাড়ি ইসলামপুর হতে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বনগ্রাম বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী লোহা বোঝাই পিকআপ গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে চাটমোহর-ফরিদপুর সড়কের উপজেলার গুনাইগাছা স্কুল মোড়ে। নিহত কলেজছাত্র হলেন উপজেলার মথুরাপুর হাটপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও স্কুল শিক্ষক সাহাবুর রহমান চন্দনের ছেলে সামিউর রহমান সাম্য (১৭)। তিনি ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মোটর সাইকেল চালক আসাদ আহত হয়েছেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ফুকুরহাটি মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ঐ ইউনিয়নের শাহিপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ফেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনাটি  ঘটে। নিহত অমিত  ঐ গ্রামের  কুদ্দুস শেখের ছেলে। রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সে মারা যায়।

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। স্থানীয় ভিকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত সে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।