আজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, খেলাফত আন্দোলন নেতা, ভাষাসৈনিক এবং সমাজসেবক মরহুম মকবুল হোসেন চৌধূরীর ৬১তম মৃত্যুবার্ষিকী। ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধূরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। তিনি পরিষদের হুইপ ছিলেন। সুরমা উপত্যকা প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে তিনি ১৯২০ সালে ভারতের নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন।
মকুবল হোসেন চৌধূরী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা সিলেটের ‘যুগভেরী’র (১৯৩২) প্রথম সম্পাদক। এর আগে তিনি সিলেটের ‘যুগবাণী’ (১৯২৫) ও কলকাতার দৈনিক ‘ছোলতান’ (১৯৩০)-এর সম্পাদক ছিলেন। পরবর্তীকালে তিনি ‘সিলেট পত্রিকা’ (১৯৫৭) সম্পাদনা করেন। তাঁর মেঝো ছেলে অধুনালুপ্ত দৈনিক ‘পূর্বদেশ’—এর সিনিয়র রিপোর্টার হোসেন তওফিক চৌধূরী আইনজীবী ও কলামিস্ট, ছোট ছেলে বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনে (সিজেএ)-এর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
