ঢাকা-১০ আসন ‘গ্রিন ও ক্লিন’ করার জন্য ভোট চাইলেন তাপস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

ঢাকা-১০ আসনের এলাকা ‘গ্রিন ও ক্লিন’ করার জন্য সব শ্রেণির ভোটারদের কাছে ভোট চাইলেন এ এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার রাতে সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন সুন্দরবন হোটেলের কনভেনশন সেন্টারে ভোটারদের কাছে তিনি শেষবারের মতো এ এলাকার উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চান। কলাবাগান, ধানমন্ডি, নিউ মার্কেট ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। এ আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় সোয়া ৩ লাখ।

সুন্দরবন হোটেলে অনুষ্ঠিত কাঁঠালবাগান এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাঁঠালবাগান দক্ষিণ আওয়ামী লীগ ইউনিট সভাপতি নাজিম আলী দেওয়ান। এ ইউনিটের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফারুক সেরনিয়াবত, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, কলাবাগান থানা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মান্নান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সহ-সভাপতি শাহ আলম খান প্রমুখ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী চার মাসের মধ্যে কাঁঠালবাগানের গ্যাস সংযোগের সমস্যা সমাধান হয়ে যাবে। নির্বাচিত হলে তিনি স্থানীয় খান হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে হাইস্কুলে উন্নীত করবেন। ঢাকা-১০ আসনের এলাকাটিকে রাজধানীর ‘গ্রিন ও ক্লিন’ এলাকা হিসাবে গড়ে তোলার জন্য নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি। এদিকে, গতকাল ফজলে নূর তাপস হাজারীবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ২২ নং ওয়ার্ডের সেকশান এলাকা, ট্যানারি মোড়, কালুনগর, নবীপুর, কাজিরবাগ কুলাল মহল, তরুণ সংঘ প্রাইমারি স্কুল, এনায়েতগঞ্জ, গণকটুলী বড়বাড়ি ও বাড্ডানগর এলাকায় পথসভা ও বাড়ি বাড়ি গণসংযোগ করেন।