ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী, ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুইরকম সুর প্রকাশ পেয়েছে। ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপির ইশতেহারে সে ব্যাপারে তারা নিশ্চুপ। যেখানে জামায়াতের ২৫ জন প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সেখানে বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের নিয়ে কিছু থাকবে না সেটিই স্বাভাবিক। দুই ইশতেহারে এই বৈপরীত্যই ঐক্যফ্রন্টের আসল মুখোশ খুলে দিয়েছে। আর এবারের নির্বাচনে দেশের মানুষ তাদের এই প্রতারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক কামরূল হাসান জাকি, বঙ্গবন্ধু মেডিক্যাল নার্সেস সুপারিন্টেন্ডেন্ট শান্তনা রানী হালদার, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিন প্রমুখ।
