বায়তুল মোকাররম মার্কেটের আট দোকান থেকে ১৫টি জ্যামার উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭

১১ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাব যৌথ অভিযান চালিয়ে বায়তুল মোকাররম মার্কেটের ৮টি দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩টি অবৈধ মোবাইল ফোনসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ১৫টি জ্যামার উদ্ধার করেছে। গত সোমবার বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আমিনুল হক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিটিআরসি জানিয়েছে এসব অবৈধ পণ্যের বাজার মূল্য অন্তত ৬০ লাখ টাকা। এসব অবৈধ পণ্য আমদানি ও বিক্রির কাজে জড়িত থাকায় ১১ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, বিদেশ থেকে বিটিআরসি’র অনুমোদন ছাড়া অবৈধভাবে এসব মোবাইল ফোনসেট আমদানি করা হয়েছিল। এসব আমাদানি করার অভিযোগে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জড়িত প্রতিষ্ঠানগুলোর ২ জনকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গ্রেফতারকৃত ১১ জনের মধ্যে ২ জনকে এক বছর, ১ জনকে ছয় মাস, ৬ জনকে এক মাস, এবং ২ জনকে ১৫ দিন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্র আরো জানিয়েছে, বিটিআরসির চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবং টেলিযোগাযোগখাতে শৃঙ্খলা আনতে অবৈধ বেতার যন্ত্রপাতির বিরুদ্ধে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।