প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ ডিসেম্বর ভোটের ফল সতর্কতার সঙ্গে প্রকাশ করতে হবে। ফল প্রকাশের সময় সামান্য ভুলে ব্যাপক অরাজকতা পরিস্থিতির ক্ষেত্র তৈরি হতে পারে। একই সঙ্গে ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গতকাল বুধবার সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ফলাফল প্রকাশের ক্ষেত্রে আপনাদের (কর্মকর্তা) সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে হবে। এখান থেকে মাঠে যাওয়ার পর প্রশিক্ষণে লব্দ জ্ঞান সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।
কে এম নুরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সামান্য ক্ষতিগ্রস্ত হবে, যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
