n জ্যোতিষ সম্রাট মহর্ষি ড. মুহম্মদ আনিসুল হক
বছরের প্রারম্ভে নৈসর্গিক রাশিচক্রে ইউরেনাস মেষে, রাহু মিথুনে এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অগ্নিরাশি ধনুতে রবি, বুধ, বৃহস্পতি, শনি, কেতু ও প্লুটো অবস্থান করছে। শুক্র রয়েছে মকরে। চন্দ্র ও নেপচুন কুম্ভে রয়েছে। গ্রহসমূহের এমন অবস্থানের ফলে এ বছর বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত, বন্যা, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টিজনিত কারণে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। খাদ্যোত্পাদন ব্যাহত হতে পারে। পরাশক্তিসমূহের পারস্পরিক মতানৈক্যজনিত কারণে বিশ্বশান্তি বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। সীমান্তবিরোধ ও অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট কারণে কোনো কোনো অঞ্চলে প্রতিবেশী রাষ্ট্রসমূহের ভেতরে সাময়িক সংঘাত ও সংঘর্ষ দেখা দিতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচ বা ততোধিক বরেণ্য ব্যক্তির জীবনাবসানের আশঙ্কা রয়েছে। জল, স্থল ও অন্তরিক্ষে বিবিধ ধরনের দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রাণহানি, যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়া ও খাদ্যাভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ থাকবে বলে আশা করা যায়। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার আশঙ্কা আছে। ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে একাধিক বরেণ্য রাজনীতিবিদের জীবনাবসান হতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গিবাদীদের অপতত্পরতার ফলে প্রাণহানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। কোনো কোনো দেশে ধর্মীয় ও বর্ণবাদী সমস্যার ফলে প্রতিবেশী দেশসমূহে উদ্বাস্তু সমস্যা দেখা দিতে পারে। বিজ্ঞানীদের নতুন কোনো উদ্ভাবন বা আবিষ্কার বিশ্বব্যাপী চমক সৃষ্টি করতে পারে। বিশ্বের একাধিক দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তনযোগ আছে। বিশ্বের কোনো কোনো দেশে ধনী-গরিবের ব্যবধানজনিত কারণে আর্থ-সামাজিক বিরোধ প্রকট হয়ে উঠতে পারে। অঞ্চলবিশেষে নতুন কোনো খনিজ সম্পদের সন্ধান পাওয়া যেতে পারে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
