জ্যোতিষীর চোখে বা ং লা দে শ ২০২০ কেমন যাবে?

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪০

বছরের প্রারম্ভে শুভগ্রহ বৃহস্পতি, বুধ ও রবি ধনু রাশিতে অবস্থান করছে। শনি, কেতু ও প্লুটোও ধনুতে রয়েছে। বক্রি ইউরেনাস মেষে অবস্থান করছে। রাহু মিথুনে, মঙ্গল বৃশ্চিকে, শুক্র মকরে, চন্দ্র এবং নেপচুন কুম্ভে রয়েছে। গ্রহসমূহের উল্লিখিত অবস্থানের ফলে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করা যায়। রবি, বুধ ও বৃহস্পতির ধনুতে অবস্থানের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। তবে শনি ও কেতু ধনুতে অবস্থান করায় দেশে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে প্লুটোর অবস্থান ধনুতে থাকার ফলে এ আশঙ্কা আরো বৃদ্ধি পেতে পারে। অগ্নিরাশি মেষে ইউরেনাসের অবস্থানের ফলে দেশে নানাবিধ দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। দুর্যোগ-দুর্বিপাক বিশেষ করে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি কারণে খাদ্যোত্পাদন ব্যাহত হতে পারে। ছোট ও মাঝারি আকারের ভূমিকম্পের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। খাদ্যোত্পাদন ব্যাহত হলেও সামগ্রিকভাবে উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা যায়। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অক্ষুণ্ন থাকবে। প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিরোধ নিরসনের সম্ভাবনা নেই বললেই চলে। বিএনপি নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা এ বছর নেই বলা যায়। বিরোধী রাজনৈতিক দলসমূহের পক্ষে সরকারবিরোধী ব্যাপক আন্দোলন গড়ে তোলার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বৃদ্ধি এবং পোশাকশিল্প ও অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির ফলে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। সরকারের দূরদর্শী পররাষ্ট্রনীতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের নানাবিধ কূটনৈতিক তত্পরতা সত্ত্বেও রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের তেমন কোনো সম্ভাবনা এ বছর নেই বললেই চলে। পরাশক্তিসমূহের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তত্পরতার ফলে জঙ্গিবাদের উত্থান প্রচেষ্টা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড সফল হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। তবে তারুণ্যের অবক্ষয়জনিত কারণে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা বাহিনী তা সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে। দুর্নীতি-দুষ্কর্মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। দেশের যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধিত হতে পারে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশে চলমান উন্নয়নমূলক মেগাপ্রকল্পগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা যায়। এ বছর তিন বা ততোধিক বরেণ্য ব্যক্তির জীবনাবসনের আশঙ্কা রয়েছে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।