মানিকগঞ্জে সদর উপজেলার ভাড়াড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সদস্যরা। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এই অভিযোগ হস্তান্তর করেন তারা। অভিযোগ খতিয়ে দেখে তাকে বরখাস্তের দাবি জানানো হয়েছে।
ইউপি সদস্যদের অভিযোগ, তাদের মতামত না নিয়েই বিভিন্ন ভাতার কার্ড চেয়ারম্যান সম্পূর্ণ নিজের ইচ্ছা অনিচ্ছায় দিয়ে চলেছেন। ট্রেড লাইসেন্স বাবদ ৫৭৫ টাকা করে নেওয়া হয়েছে যার সঠিক কোনো হিসাব নেই। ওয়ারিশান সার্টিফিকেট বাবদ ৫০০ টাকা নেন যারও কোনো হিসাব নেই। এছাড়া ভুয়া প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাত্, বড়ো বাজেটের কাজের সামান্য কিছু করে কাজ সমাপ্ত দেখানো, জনপ্রতি ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে হতদরিদ্রদের মাঝে ঘর বিতরণ, সরকারি টিন বিতরণেও ২ হাজার টাকা করে ঘুষ গ্রহণ, মাতৃকালীন প্রতি ভাতা থেকে ২ হাজার করে আত্মসাত্সহ ১৮টি অভিযোগ প্রমাণসহ ইউএনও বরাবর হস্তান্তর করা হয়। সরেজমিনে গতকাল শনিবার ইউপি পরিষদে গেলে দেখা যায় পরিষদের সদস্য এবং এলাকাবাসী চেয়ারম্যানকে পরিষদ ভবনে অবরুদ্ধ করে রেখেছেন। এ সময় তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন। আজ রবিবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ইউপি সদস্য এবং এলাকাবাসীর উদ্যোগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন হবে বলে জানা গেছে।
এদিকে, পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করা হচ্ছে। অপরদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
