নির্বাচনী প্রচারে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ সাভারের বিএনপি প্রার্থীর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:০৯

ঢাকা-১৯ সাভার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান ও নেতাকর্মীদের ভয়ভীতি প্রদানের অভিযোগ করা হয়েছে। বুধবার সকালে সাভারস্থ নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তার নির্বাচনী কর্মকান্ডে বাঁধা প্রদান করছে, ব্যানার পোস্টার ছিড়ে ফেলছে, বিএনপি দলীয় নেতাকর্মীদের প্রতিনিয়ত প্রকাশ্যে ভয়ভীতি এবং হুমকি প্রদান করছে। গভীর রাতে বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পরও তিনি কোন প্রকার প্রতিকার পাননি বলে জানান।