বাগেরহাট শহর রক্ষা বাঁধে একটি বাড়ি নির্মাণ কাজ চলছে। সেখানে বালু ভরাটের জন্য রাস্তার ওপর দিয়ে পাইপ নিয়ে কৃত্রিম স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে। রাতের অন্ধকারে সেই স্পিড ব্রেকারের কারণে দুর্ঘটনাকবলিত হয়েয় প্রাণ গেলো এক মোটরসাইকেল আরোহীর। নিহতের নাম কামরান হোসেন (২৩)। এ ছাড়া এ স্পিড ব্রেকারের কারণে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার গভীর রাতে বাগেরহাট শহররক্ষা বাঁধের সুপারী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজি জিম নামে একটি ব্যামায়াগারের পরিচালক ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে কামরান হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহর রক্ষা বাধের ওপর দিয়ে ব্যবসায়ী তাপস সাহা বাড়ি নির্মানের জন্য বালু ভরাট করতে পাইপ দিয়ে কৃত্রিম স্পিড ব্রেকার তৈরি করেছেন। রাতের আঁধারে ওই কৃত্রিম স্পিড ব্রেকারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় কামরান হোসেন নিহতের বিষয়টি রবিবার বাগেরহাট শহরের জনসাধারণের মাঝে প্রধান আলোচনায় পরিণত হয়। তারা হঠাৎ করে শহর রক্ষা বাধে এ ধরনের কৃত্রিম স্পিড ব্রেকার নির্মানেরও ব্যপক সমালোচনা করে। অবশ্য রবিবার ভোরে ব্যবসায়ী তাপস শাহা কৃত্রিম স্পিড ব্রেকারটি সরিয়ে ফেলেছেন।
আরও পড়ুন: ৪৮ বছরে কেউ খোঁজ নেয়নি ৭১-এ গুলিবিদ্ধ হুমায়ূনের
বাগেরহাট সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শেখ আসাদুজ্জামান এ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
