রংপুরে সহকারী রিটার্নিং অফিসারের প্রত্যাহার চায় জাপা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে এমন অভিযোগে রংপুর-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুন-উর-রশিদকে প্রত্যাহার করতে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে জাতীয় পার্টি-জাপা। দলটির চেয়ারম্যান এইচএম এরশাদের বিশেষ সহকারী ও দলের সাংগঠনিক দায়িত্বে থাকা রুহুল আমিন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগে এমন দাবি জানান। ওই আসনে জাপা প্রার্থী এস এম ফখর-উজ-জামান গতকাল নিজে কমিশনে গিয়ে এই অভিযোগ জমা দেন।

অভিযোগে জানানো হয়, রংপুর-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন উর রশিদকে সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থী এইচ এন আশিকুর রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এইচ এন আশিকুর রহমানের একান্ত সচিব হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও অবাধ, সুষ্ঠু ও  গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।