নির্বাচনে সহিংসতা প্রতিরোধ করার পাশাপাশি প্রার্থীদের হয়রানি না করতে পুলিশ প্রধানকে (আইজিপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারী অপরাধ সংক্রান্ত আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘গত ১০ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে বিভিন্ন স্থানে প্রার্থীসহ লোকজন আহত হওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্বাচনী প্রচারণায় বাধাপ্রদান এবং নেতা-কর্মীদের গ্রেফতার নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন প্রার্থী এবং রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দাখিল করছে।
