সিইসির সঙ্গে সাক্ষাত্

আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সবাই এক হয়ে গেছে:খোকন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৪৭

আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ একাকার হয়ে গেছে বলে অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ ধরনের কর্মকাণ্ড সংবিধান পরিপন্থি বলেও মন্তব্য করেছেন ধানের শীষের এই প্রার্থী। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যেসব পুলিশ কর্মকর্তা কাজ করছে তাদের বদলি করতে সিইসির কাছে আবেদন করেছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে নিজের ওপর হামলা, পুলিশের গুলিবর্ষণের ঘটনা সিইসিকে অবহিত করেন মাহবুব উদ্দিন খোকন। সোনাইমুড়ি ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্ত করে দ্রুত তাদের প্রত্যাহারের বিষয়ে সিইসির কাছে আবেদন জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকন।