কুমিল্লায় বাসে হয়রানি রোধে সংশ্লিষ্ট বাস যাত্রীরা যেন রেজিস্ট্রেশন নম্বর দেখে মোবাইল ফোনে সহায়তা চাইতে পারে সে জন্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর দুপুরে নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শাসনগাছা বাস টার্মিনালে যাত্রীবাহী বাসের ভেতরে সংশ্লিষ্ট বাসের নম্বর টানিয়ে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
রবিবার বিকালে কথা হয় নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল কোচের যাত্রী কলেজ শিক্ষিকা আঞ্জুম আরা বেগম এবং তার স্বামী ব্যবসায়ী জালাল উদ্দিন, এশিয়া এয়ারকনের যাত্রী আবদুল হক ও শরীফ হোসেনের সঙ্গে। তারা বলেন, বিগত সময়ে বিভিন্ন স্থানে বাসে ছিনতাই, ডাকাতি, নারীর শ্লীলতাহানী ও ধর্ষণসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনা তাত্ক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনী জানতে পারেনি। গাড়ির নম্বরযুক্ত এ ধরনের স্টিকার বাসের ভেতরে লাগিয়ে দেওয়ায় যাত্রীরা হয়রানির শিকার হলে বাসের আসনে বসেই বাসের নাম ও নম্বর দেখে মোবাইল ফোনে ৯৯৯-এ ফোন করে দ্রুততম সময়ে আইনগত সহায়তা পাবে।
কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, এ উদ্যোগ গাড়ির স্টাফ ও যাত্রীদের নিরাপত্তায় বেশ ভূমিকা রাখছে।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী বাস কখনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে বাসের ভেতরে থাকা যাত্রীরা ফোনে বাসের নম্বর (রেজি: নম্বর) জাতীয় জরুরি সেবা (৯৯৯) কিংবা নিকটস্থ পুলিশ কেন্দ্রে যাতে জানাতে পারেন সেই লক্ষ্য নিয়েই বাসের ভেতর দর্শনীয় স্থানে নম্বর টানানোর কার্যক্রম শুরু হয়েছে।
