ফিরে দেখা ২০১৯ আলোচিত ১২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

১. জলবায়ু ধর্মঘট: বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ করে ধর্মঘট পালন করে। সিডনি থেকে সিউল, ম্যানিলা থেকে মুম্বাইয়ের শিক্ষার্থীরা সুইডিশ কিশোরী পরিবেশবাদী গ্রেটা থানবার্গের নেতৃত্বে রাজপথে র্যালি করে। মার্চে জলবায়ু ইস্যুতে যে র্যালি হয় তার চেয়ে এই র্যালিতে দ্বিগুণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘ফ্রাইডেস ফর ফিউচার’ শিরোনামে র্যালি আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ২০২৫ সালের মধ্যে ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি বন্ধের দাবি জানায়।

২. ভেনেজুয়েলায় দুই শাসক: ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো ২৩ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার পর দুই আমেরিকা মহাদেশ ও ইউরোপের অনেকগুলো দেশ তার প্রেসিডেন্সিকে স্বীকৃতি দেয়। চলমান আন্দোলনের মুখে কোণঠাসা অবস্থায় পড়লেও নিকোলাস মাদুরো এখনো ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। তার কথা, যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে বিরোধীরা দেশে নৈরাজ্য তৈরি করছে। বছর জুড়ে দেশটিতে দুই প্রেসিডেন্ট এমনকি বছরের একদম শেষ দিকে এসেও উইকিপিডিয়ায় সার্চ দিয়ে ভেনেজুয়েলায় দুই জন প্রেসিডেন্ট পাওয়া যায়।

৩. পুলওয়ামা আক্রমণ: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ৪০ জনের বেশি ভারতীয় নিহত হয়। এর ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণ করে মানুষের হতাহত হওয়ার দাবি করে। অভিযানের সময় অভিনন্দন বর্তমান নামে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলট পাকিস্তানে গিয়ে ধরা পড়েন। তিনি ৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থাকেন। শান্তি রক্ষার্থে তাকে ছেড়ে দেয় পাকিস্তান।

৪. ক্রাইস্টচার্চ হামলা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ১৫ মার্চ জুমার নামাজের সময় আল নূর মসজিদ এবং ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে গুলিবর্ষণে ৫০ জন নিহত হন ও কমপক্ষে ৫০ জনের মত গুরুতরভাবে আহত হয়। অভিযুক্ত  অস্ট্রেলিয়ান ব্রেন্টন ট্যারেন্টকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। টেস্ট ম্যাচ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট টিম ঐ সময় সেখানে অবস্থান করলেও অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পায়।

৫. ইস্টার সানডে হামলা: ২১ এপ্রিল শ্রীলংকার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশটির বড়ো তিনটি হোটেলে একযোগে চালান হয় আত্মঘাতী হামলা। পরে হামলা হয় আরো দুটি স্থানে। দিনটি ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড়ো উত্সব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল। নিহতদের মধ্যে ৩৬ জন ছিলেন বিদেশি।

৬. ইরান-মার্কিন দ্বন্দ্ব: ১২ মে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আক্রান্ত হয়। এরপর থেকে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বেড়েছে। ২০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের নির্দেশ দিয়ে অনতিবিলম্বে সেটি প্রত্যাহার করে নেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ১৩ জুন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে দেখা করে তার কাছে ট্রাম্পের একটি চিঠি পৌঁছে দেন। ঐ চিঠিতে ট্রাম্প সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে ছিলেন। ১৯ জুলাই জিব্রাল্টার থেকে ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরা আটক করে ইরান। দুই মাস পর ট্যাংকারটি ছেড়ে দেওয়া হয়।

৭. ভারত ও শ্রীলঙ্কায় নির্বাচন: ভারতে এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। সাত পর্বের নির্বাচন ১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয়। ২৩ মে ফল ঘোষণা করা হয়। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পায় ৩৫০টি আসন, আগের নির্বাচনে তারা পেয়েছিল ৩৩৬টি আসন। অন্যদিকে শ্রীলঙ্কায় ১৬ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষের ভাই গোটাবায়া রাজাপক্ষে। তিনি সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করেন। গোটাবায়া দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। তিন দশক ধরে চলা তামিল বিদ্রোহ দমনে তার বিশেষ অবদান ছিল প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নিজের ভাই মাহিন্দকে প্রধানমন্ত্রী করেন।

৮. অস্ট্রেলিয়ায় দাবানল: অস্ট্রেলিয়ায় দাবানল বিরাজ করে দীর্ঘ সময় ধরে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে আট জনের মৃত্যু ও ৭০০র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি। ১৮ ডিসেম্বর দেশটির গড় তাপমাত্রা ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে সিডনি যখন দাবানলে পুড়ছে তখন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

৯. কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ: ভারত সরকার ৫ আগস্ট কাশ্মীরকে স্বায়ত্তশাসন প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করে। এর ফলে জম্মু ও কাশ্মীর ৭০ বছর ধরে যে বিশেষ স্বায়ত্তশাসন ভোগ করে আসছিল তার অবসান ঘটে। কাশ্মীর ইস্যুতে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পাক-ভারত সম্পর্কের অবনতি ঘটে।  

১০. হংকং বিক্ষোভ: বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হংকংয়ে বিক্ষোভ ছিল ২০১৯ সালের সবচেয়ে দীর্ঘ সময় আলোচিত ঘটনা। জুনে গৃহীত প্রত্যর্পণ বিল থেকে এই বিক্ষোভের শুরু। বিলটি শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হলেও আন্দোলন থামেনি। ২৪ নভেম্বর স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থি আশাতীত ভালো ফল করলেও হংকংয়ের শীর্ষ নির্বাহী ক্যারি লাম তাদের দাবির প্রতি নমনীয় হননি। প্রথম বিক্ষোভটি হয় ৬ জুন। ১২ জুন হংকংবাসী আবারও পথে নামে। এরপর সপ্তাহান্তে বিক্ষোভ হতেই থাকে। বড়দিনের আগের সন্ধ্যায়ও সংঘর্ষ হয়।

১১. আরামকো তেলক্ষেত্রে হামলা: সৌদি তেলশিল্প আচমকা হামলার শিকার হয় বিদায়ি বছরে। ১৪ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় আবকাইকের আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলার পর তাত্ক্ষণিকভাবে তেল উত্পাদন অর্ধেকে নামিয়ে আনে রিয়াদ। হামলা ইরান করেছে না ইরানি মদতপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করেছে তাও স্পষ্ট জানা যায়নি। শেষ পর্যন্ত সৌদি আরব বা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বরং তেহরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা প্রকাশ করেন।

১২. আইসিজেতে রোহিঙ্গা ইস্যু: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা নিয়ে  শুনানি ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। জেনোসাইড কনভেনশনের সদস্যদেশ হিসেবে গাম্বিয়া এই মামলা করে। গণহত্যার ঝুঁকিতে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের যাতে এখনই নিরাপত্তা দেওয়া যায় এবং গণহত্যার প্রমাণ ও আলামত যেন মিয়ানমার নষ্ট করতে না পারে, সে জন্য গাম্বিয়া আইসিজেকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে অনুরোধ করে। নতুন বছরের শুরুতে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে।